Views Bangladesh Logo

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শনিবার (২২ আগস্ট) কাতারের আমিরের প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ানের এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

অভিনন্দন বার্তায় কাতারের আমির বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি।

বার্তায় শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ ও কাতারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন। দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়নের প্রত্যাশার কথাও এতে উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রোববার রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেন।

বঙ্গভবনে পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতির গাড়িবহরকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ