গাজীপুরে নিখোঁজের ১২ দিন পর ঝোপে মিলল বৃদ্ধের কঙ্কাল, পাঞ্জাবি দেখে শনাক্ত
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ১২ দিন পর এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ঝোপের ভেতর পড়ে থাকা কঙ্কালের পাশে থাকা পাঞ্জাবি দেখে স্বজনরা তার পরিচয় শনাক্ত করেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের একটি ঝোপ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এক শিশু মাছ ধরতে গিয়ে ঝোপের মধ্যে কঙ্কালটি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানায়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের পাশে থাকা একটি পাঞ্জাবি দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে শামসুল হকের জামাতা জাকির হোসেন পোশাক দেখে কঙ্কালটি ৮০ বছর বয়সী শামসুল হকের বলে শনাক্ত করেন।
শামসুল হক শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের বাসিন্দা। স্ত্রী মারা যাওয়ার পর ২০২১ সালে পারিবারিক কারণে নিজমাওনা গ্রামে মেয়ের বাড়ির পাশে জমি কিনে সেখানে বসবাস শুরু করেন।
পরিবারের সদস্যরা জানান, গত ৩ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পাওয়ায় ওই দিনই শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পর বাড়ির অদূরে একটি ঝোপ থেকে তার কঙ্কাল উদ্ধার হলো।
শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
মতামত দিন