Views Bangladesh Logo

সকাল ৯টার মধ্যে অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা: অফিস আদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হওয়া, দেরিতে আসা বা অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

এ বিষয়ে সোমবার একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা, দেরিতে অফিসে আসা এবং নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করা অফিস শৃঙ্খলার পরিপন্থী এবং ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

নির্দেশনায় বলা হয়, কর্মদিবসে সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ অফিস ত্যাগ করতে পারবেন না। রমজানে বিকেল সাড়ে ৩টার আগে এবং রমজানের পর বিকেল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে।

তবে সরকারি বা জরুরি প্রয়োজনে অফিসের বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান (যুগ্মসচিব/সলিসিটর)-এর অনুমতি নিতে হবে। একই সঙ্গে অফিস ত্যাগের জন্য নির্ধারিত রেজিস্টারে নাম অন্তর্ভুক্ত করা এবং ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করাও বাধ্যতামূলক করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, এসব নির্দেশনা লঙ্ঘন করলে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ ও ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

অফিস শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ