Views Bangladesh Logo

নড়াইলে তেল না দেওয়ায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

নড়াইলের যশোর-নড়াইল মহাসড়কে তেল না পাওয়াকে কেন্দ্র করে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার (৩৩) পেড়লি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার ছিলেন। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের বাসিন্দা, তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসেন ট্রাকচালক সুজাত মোল্যা। কিন্তু পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তাকে তেল দিতে পারেননি। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে ট্রাকচালক নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন বলে জানা যায়। পরে রাতের দিকে কাজ শেষে নাহিদ সরদার তার সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পাম্প থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে এসে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয় এবং জিহাদ গুরুতর আহত হন।

ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাগবিতণ্ডার পর ট্রাকটি পাম্পেই অবস্থান করছিল। রাত ২টা ১০ মিনিটে নাহিদ পাম্প থেকে বের হওয়ার পরপরই ট্রাকটি তাদের পিছু নেয়।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী জানান, ট্রাকচাপায় পাম্প ম্যানেজারের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ