প্রেম নিয়ে সত্যিটা জানালেন পূজা চেরী
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে দম সিনেমা। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পূজা চেরী অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর সঙ্গে। সিনেমাটির টিজারে ভিন্ন লুকে দেখা গেছে এই অভিনেত্রীকে। ছবিটির প্রচার–প্রচারণার মাঝেই নিজের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন পূজা চেরী।
সেখানে প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সত্যিটাই বলব—আমি এনগেজড। এই প্রথম আমি কথাটা বললাম।
যদিও এর আগে একটি সাক্ষাৎকারে প্রেমের সম্পর্কের বিষয়টি ইঙ্গিত করেছিলেন এই অভিনেত্রী।
সম্পর্কের মূল্যবোধ নিয়ে পূজা চেরী বলেন, সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি চাই না ‘ডিভোর্স’ শব্দটি আমার নামের সঙ্গে যুক্ত হোক। সংসার আর অভিনয় একসঙ্গে চালানো সম্ভব না হলে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।
বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে পূজা জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন। পারিবারিকভাবেই বিয়ের আয়োজন হবে এবং সময় হলে সবাইকে জানিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি।
বিয়ের পর অভিনয় চালিয়ে যাবেন কি না—এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি যার সঙ্গে এনগেজড, সে খুবই সাপোর্টিভ। মিডিয়ায় কাজ করা বা না–করা সম্পূর্ণ আমার ওপর ছেড়ে দিয়েছে। ইচ্ছে হলে কাজ করব, না হলে ছেড়ে দেব—এটা পুরোপুরি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে