Views Bangladesh Logo

চিন্ময় দাসের মায়ের মৃত্যুতে পূজা উদযাপন পরিষদের শোকবার্তা

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রাণী ধরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংগঠনটি মহানগর সার্বজনীন পূজা কমিটি ও শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যৌথভাবে দেওয়া এক শোকবার্তায় এ সমবেদনা জানায়।

শোকবার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ মিনিটের দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা রাণী ধর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

যৌথ শোকবার্তায় সংগঠনগুলোর নেতারা বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো একজন ধর্মীয় ব্যক্তিত্বকে জন্ম দেওয়ার কারণে সন্ধ্যা রাণী ধর ‘রত্নগর্ভা মা’ হিসেবে মর্যাদা লাভ করেছেন। তার মৃত্যু সনাতনী সমাজের জন্য অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন তারা। একই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করেন।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং পুণ্ডরীক ধামের ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান। এ শোক কাটিয়ে ওঠার শক্তির জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন তারা।

এর আগে অসুস্থ হয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সন্ধ্যা রাণী ধর। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তার ক্যানসার শনাক্ত হয়। তবে হাসপাতালে থাকতে অনিচ্ছুক ছিলেন তিনি। গত মঙ্গলবার নিজের ইচ্ছায় পুণ্ডরীক ধাম আশ্রমে যাওয়ার কথা জানান। দীর্ঘদিন ধরে চিন্ময় কৃষ্ণ দাসও এই আশ্রমে থাকতেন।

মৃত্যুর আগে ছেলেকে একবার দেখার প্রবল আকাঙ্ক্ষা ছিল সন্ধ্যা রাণী ধরের। অসুস্থ মাকে দেখতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও শেষ পর্যন্ত সেই সুযোগ মেলেনি। ছেলেকে একনজর দেখার আকাঙ্ক্ষা অপূর্ণ রেখেই মৃত্যুবরণ করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ