রমজানে অমর একুশে বইমেলা আয়োজন পুনর্বিবেচনার আহ্বান, তারেক রহমানকে প্রকাশকদের খোলা চিঠি
আসন্ন অমর একুশে বইমেলা রমজান মাসে আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে একটি খোলা চিঠি দিয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ১৪ জন প্রকাশকের স্বাক্ষরযুক্ত ওই চিঠিতে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে রমজান মাসে বইমেলা আয়োজনের সিদ্ধান্তে তারা গভীর উদ্বেগে রয়েছেন।
চিঠিতে প্রকাশকরা উল্লেখ করেন, রোজার সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এতে মেলা পাঠকশূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করেন।
এতে আরও বলা হয়, দেশের প্রায় ৯০ শতাংশ প্রকাশক মনে করছেন রমজান মাসে মেলায় অংশ নেওয়া তাদের জন্য ‘ব্যবসায়িক আত্মহত্যা’র শামিল হবে। ইতোমধ্যে মূলধারার তিন শতাধিক প্রকাশক মেলায় অংশগ্রহণে অপারগতার কথা জানিয়েছেন বলেও দাবি করা হয়েছে।
প্রকাশকরা জানান, গত দেড় বছরে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে প্রকাশনা শিল্প চরম সংকটে পড়েছে। কাগজের মূল্যবৃদ্ধি ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় তারা তীব্র আর্থিক চাপে রয়েছেন। পাশাপাশি, নির্বাচনকে কেন্দ্র করে গত দুই মাস ছাপাখানাগুলো ব্যস্ত থাকায় নতুন বই প্রকাশ কার্যত স্থবির হয়ে ছিল।
এ অবস্থায় তাদের আপত্তি সত্ত্বেও কেন বাংলা একাডেমি বইমেলা আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে, সে প্রশ্নও তোলা হয়েছে চিঠিতে। প্রকাশকরা স্পষ্ট করেন, তারা মেলা বর্জনের পক্ষে নন; বরং সবার অংশগ্রহণে একটি সফল ও প্রাণবন্ত বইমেলা চান। সে বিবেচনায় রমজান ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি মাথায় রেখে ঈদের পর বইমেলা আয়োজনের প্রস্তাব দেন তারা।
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে প্রকাশকরা দুটি দাবি উত্থাপন করেছেন—২০ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত বইমেলা স্থগিত করা এবং ঈদের পর উৎসবমুখর পরিবেশে পূর্ণাঙ্গভাবে মেলার আয়োজন করা।
চিঠিতে তারা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক সিদ্ধান্ত প্রকাশনা শিল্পকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করবে এবং একুশে বইমেলার ঐতিহ্য সমুন্নত রাখবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে