১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: শেখ রবিউল আলম
আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, জ্বালানি মন্ত্রী তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন, ফলে জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই এবং পরিবহন সংকট হওয়ারও কোনো সুযোগ নেই।
শুক্রবার (১৩ মার্চ) ঈদ উপলক্ষে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এসে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রেল যোগাযোগকে যুগোপযোগী ও জনবান্ধব করতে নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষ স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারে। সেই লক্ষ্যেই সরকার রেল যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য কাজ করছে।
মন্ত্রী উল্লেখ করেন, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বিশ্বের খুব কম শহরে দেখা যায়। এত স্বল্প সময়ে এত মানুষের যাতায়াত বড় চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে। দেশে পরিবহনব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাস ব্যবস্থায় শৃঙ্খলা আনার দিকে সরকার নজর দিচ্ছে। তিনি জানান ‘গত ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট সংগ্রহের চেষ্টা করেছেন। তবে আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা ৩৬ হাজারের মতো টিকিট বিক্রি করতে পেরেছি।’
ট্রেনের শিডিউল বিষয়ে রেলপথমন্ত্রী জানান, বড় কোনো শিডিউল বিপর্যয় এড়াতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে আরও কিছু যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ ও বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। এছাড়া আনসার সদস্য এবং বিশেষ জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবকও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন, যাদের অবস্থান প্রায় প্রতি ৪০০ মিটার পরপর থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ অন্যান্য রেলওয় সংক্রান্ত কর্মকর্তা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে