Views Bangladesh Logo

আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না: র‍্যাব ডিজি

দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একে এম শাহিদুর রহমান।

তিনি বলেন, জনগণকে জিম্মি করে বা তাদের ওপর জুলুম চালিয়ে কোনো কর্মসূচি বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাব ডিজি জানান, গত দেড় বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভঙ্গুর ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনী ধারাবাহিকভাবে কাজ করেছে।

তিনি বলেন, আমরা দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম হব এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করব। আমরা সম্মিলিতভাবে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সে বিষয়ে র‍্যাব সর্বদা সতর্ক ও সজাগ রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

একে এম শাহিদুর রহমান বলেন, আমরা চাই দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করুক এবং স্বাভাবিক জীবনযাপন বজায় রাখুক। তাদের দৈনন্দিন কার্যক্রমে কোনো ধরনের বাধা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে গণমাধ্যম ও দেশবাসীর সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ