ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের নিরবচ্ছিন্ন অংশগ্রহণের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা ও এলাকা পরিচ্ছন্ন রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের নিরবচ্ছিন্ন অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এই আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। তিনি স্বীকার করেন, এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হয়তো এখনই সম্ভব নয়, তবে কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
“আসুন, নিজেদের সুস্থ রাখি, সমাজকেও সুস্থ রাখি,” বলেন তারেক রহমান। প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে ব্যয় করার নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। এলোমেলোভাবে বর্জ্য না ফেলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রতিটি নাগরিকেরই ভূমিকা রয়েছে।
তারেক রহমান বলেন, সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় পরিবর্তনের পথে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। এ প্রসঙ্গে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার কথা স্মরণ করে বলেন, সেদিন প্রমাণ হয়েছিল পরিবর্তন সম্ভব। “এবার আসুন, রাষ্ট্র বদলাই,” বলেন তিনি।
উদ্বোধনের আগে বিভিন্ন প্রচারণা স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী চলবে এই কর্মসূচি।
মতামত দিন