Views Bangladesh Logo

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে শিগগিরই গণবিজ্ঞপ্তি: শিক্ষামন্ত্রী

দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট নিরসনে শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এসব পদে নিয়োগের জন্য দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, শিক্ষক সংকট নিরসনকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্যপদ পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হয়েছে।

এ ছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ সুপারিশ কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী জানান, ২০২৫ সালের ১৯ আগস্ট ৪১ হাজার ৬২৭ জন এবং ২০২৬ সালের ২৮ জানুয়ারি ১১ হাজার ৭১৩ জনসহ মোট ৫৩ হাজার ৩৪০ জন শিক্ষককে বিভিন্ন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, চলমান নিয়োগ প্রক্রিয়া শেষ হলে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ