Views Bangladesh Logo

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব, গণশুনানি শুরু

বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু হয়েছে। বুধবার (২০ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ২১ থেকে ২৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, নতুন দর ১ জুন থেকেই কার্যকর করার কথা বলা হয়েছে।

পিডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম ৭ টাকা ৪ পয়সা। তবে গড় উৎপাদন খরচ দাঁড়িয়েছে ১৩ টাকা ১৯ পয়সা। এই ব্যবধানের কারণে বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকার ঘাটতি তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজার ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি অর্থবছরে ঘাটতি আরও বেড়ে ৬৩ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পিডিবির হিসাব অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা বাড়ালে প্রায় ১৩ হাজার ২৯৮ কোটি টাকা ঘাটতি কমতে পারে। আর ১ টাকা ৫০ পয়সা বাড়ালে ঘাটতি কমবে সাড়ে ১৬ হাজার কোটি টাকারও বেশি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণশুনানিতে ভোক্তা অধিকারসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের পাইকারি দাম সমন্বয় করা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ