Views Bangladesh Logo

পুরান ঢাকায় কিশোরকে প্রকাশ্যে হত্যাচেষ্টা, রুখে দিল জনতা ও পুলিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

পুরান ঢাকার ওয়ারি এলাকায় ১৭ বছর বয়সী এক কিশোরের ওপর প্রকাশ্যে নৃশংস হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে হাতখোলা এলাকার ইলিশিয়াল ভবনের পেছনের একটি সরু গলিতে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় জনতা ও দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে প্রাণে রক্ষা পায় সায়েদ রেদওয়ান মাওলানা নামের ওই কিশোর।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সৈয়দ রেদওয়ান মাওলানাকে ঘিরে ধরে ৬-৭ জন যুবক এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তারা মোটরসাইকেলের হেলমেট দিয়ে তার মাথায় একের পর এক আঘাত করে। এরপর ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে, আশপাশের অন্তত ৫০-৬০ জন জনতা এবং নিকটস্থ এক ট্রাফিক সার্জেন্ট দ্রুত এগিয়ে এসে হামলাটি প্রতিহত করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুই হামলাকারী — আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুলকে (১৯)আটক করা হয়েছে। তারা নিজেদের যাত্রাবাড়ী এলাকার শিক্ষার্থী বলে দাবি করেছে। তবে বাকিরা পালিয়ে যায়।

ওয়ারি থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া খান বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আহত রেদওয়ান ওয়ারির এম দাস লেনে পরিবারের সঙ্গে বসবাস করে এবং সম্প্রতি এসএসসি পাস করেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন থাকলেও, চিকিৎসা শেষে সে বর্তমানে শঙ্কামুক্ত।

এসআই জাকারিয়া আরও বলেন, “হামলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বিভিন্ন ধরনের তথ্য আসছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— সময়মতো পুলিশ ও স্থানীয় জনতা এগিয়ে এসে ঘটনাটি প্রতিরোধ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।”

ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ বলেন, হামলাকারীরা নিজেদের শিক্ষার্থী বলছে। আহত কিশোরটিও শিক্ষার্থী। তারা পূর্বপরিচিত ছিল কি না কিংবা ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আশার কথা হলো— এবার মানুষ নীরব থাকেনি। সবাই মিলে সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলেছে।

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আটক দুই যুবককে ঘিরে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন। এক পর্যায়ে একজন বলেন, “তোদের মতো মানুষের কারণেই সমাজটা শেষ হয়ে যাচ্ছে। এবার আর ছাড় নেই।”

স্থানীয়রা জানান, যদি সোহাগ হত্যার সময়ও জনতা এভাবে এগিয়ে আসত, তাহলে হয়তো তার প্রাণও বাঁচত। আজকের এই প্রতিরোধ সমাজের জন্য বড় এক বার্তা— ভয় নয়, অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়ান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ