পিএসজির শিরোপা উদযাপনে সহিংসতা, প্যারিসে আটক ৪৫
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে উচ্ছ্বাসের মধ্যেই ছড়িয়ে পড়ে সহিংসতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অন্তত ৪৫ জনকে আটক করেছে পুলিশ।
ফরাসি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শিরোপা জয়ের পর হাজারো সমর্থক প্যারিসের বিভিন্ন এলাকায় উদযাপনে অংশ নেন। আর্ক দে ত্রিওঁফ ও শঁজেলিজে এলাকায় ব্যাপক জনসমাগম হয়। এ সময় কিছু উচ্ছৃঙ্খল গোষ্ঠী ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।
প্যারিস পুলিশ জানায়, একদল ব্যক্তি একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে। বিভিন্ন স্থানে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া একটি বেকারি ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, রাত ১০টা পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও রিং রোড অবরোধের চেষ্টাও ব্যর্থ করে দেওয়া হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উচ্ছ্বাসে প্যারিসজুড়ে উৎসবের আমেজ থাকলেও কিছু সমর্থকের সহিংস আচরণ সেই আনন্দে ছায়া ফেলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে