রেকর্ডগড়া ম্যাচে বায়ার্নকে হারাল পিএসজি
রেকর্ডগড়া এক রোমাঞ্চকর লড়াইয়ে সেমিফাইনালের প্রথম লেগে জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার রাতে প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে ফরাসি শিরোপাধারীরা। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের এক লেগে সর্বোচ্চ ৯ গোলের নতুন রেকর্ডও গড়েছে এই ম্যাচ।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় বায়ার্ন। ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় পিএসজি। খিভিচা কাভারাৎসখেলিয়া সমতা ফেরানোর পর জোয়াও নেভেস দলকে এগিয়ে নেন। যদিও মাইকেলওলিস গোল করে আবার সমতা ফেরান, তবে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন উসমানে দেম্বেলে।
দ্বিতীয়ার্ধে দাপট দেখায় পিএসজি। কাভারাৎসখেলিয়া ও দেম্বেলের গোলে একপর্যায়ে ৫-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে হাল ছাড়েনি বায়ার্ন। দাও উপামেকানো ও লুইস দিয়াজ দ্রুত দুটি গোল শোধ করে ব্যবধান কমান।
শেষদিকে উভয় দলই সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি। পুরো ম্যাচে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার কোনো সেভ করতে পারেননি, যা চ্যাম্পিয়নস লিগ নকআউটে বিরল ঘটনা।
এই জয়ে ২০২১ সালের পর প্রথমবার বায়ার্নকে হারাল পিএসজি। আগামী বুধবার মিউনিখে অনুষ্ঠিত ফিরতি লেগে ফাইনালে ওঠার লড়াই নির্ধারিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে