৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৭ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ নিয়ে কমিশনে বৈঠকের পর পিএসসি এ প্রজ্ঞাপন জারি করে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির একজন সদস্য সংবাদমাধ্যমকে বলেন, এ বিষয়ে বুধবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সর্বসম্মতিক্রমে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ চালিয়ে আসছে বিএনপি ও তার সমমনা দলগুলো। চলমান এমন রাজনৈতিক পরিস্থিতিতে ‘বিসিএস লিখিত পরীক্ষা: অবরোধের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে প্রার্থীরা উদ্বিগ্ন’-এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ডেইলি স্টার।
জানা গেছে, ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে