Views Bangladesh Logo

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ, ইউএনও কার্যালয় ভাঙচুর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের তালিকা বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি ও সুন্দরগঞ্জে বিক্ষোভ হয়েছে। ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর এবং সুন্দরগঞ্জে ইউএনও ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ফুলছড়িতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং নিয়োগবঞ্চিত ব্যক্তিরা বিক্ষোভ করেন। উপজেলা প্রশাসন সকালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তালিকা প্রকাশের পর তারা ইউএনও কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে কার্যালয়ের দ্বিতীয় তলার একটি অফিসকক্ষের জানালা ও কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামও রয়েছে। এ কারণে তারা তালিকা বাতিলের দাবি জানান।

ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম তালিকায় থাকায় দলীয় নেতাকর্মী ও নিয়োগবঞ্চিত ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেছেন।

তবে ফুলছড়ি ইউএনও মোস্তাফিজুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সুন্দরগঞ্জেও বিক্ষোভ করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। দুপুরে তারা উপজেলা সমাজসেবা কার্যালয় ও ইউএনও কার্যালয়ে তালা লাগিয়ে দেন।

বিক্ষোভকারীরা নিয়োগের ফলাফল বাতিল করে যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানান। তাঁরা অভিযোগ করেন, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ও পছন্দের প্রার্থীদের নিয়োগ দিয়ে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে নিয়োগ বাতিল না হলে আন্দোলন আরও জোরদারের হুঁশিয়ারি দেন তারা।

তবে নিয়োগপ্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছেন সুন্দরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজীব কুমার বাগচী। তিনি জানান, প্রায় চার হাজার আবেদনের মধ্যে সুপারভাইজার পদে ১৯ জন এবং তথ্য সংগ্রহকারী পদে ২০৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ছয়টি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে এবং বোর্ডের মাধ্যমেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার দাবি, যোগ্য প্রার্থীরাই নিয়োগ পেয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ