Views Bangladesh Logo

বরগুনায় মা ও দুই মেয়ের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোয় মা ও তার দুই মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ উদঘাটন, সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং দোষীদের বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

বুধবার বিকেলে শহরের জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে ইতি রানী (৩৪) এবং তার দুই মেয়ে আরাধ্য বিশ্বাস (১১) ও অনুরাধা বিশ্বাসের (৩) মরদেহ উদ্ধার করা হয়। ইতি রানী ডাকবাংলোর অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে মা ও দুই মেয়েকে ডাকবাংলোয় ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তাদের ভাষ্য, ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণেই ইতি রানী ও তার সন্তানরা আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারেন না।

ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি এলাকার নিহতদের বাড়িতে গিয়ে শেষ হয়।

একই দাবিতে বিকেলে শহরে মানববন্ধনও অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নাগরিক সমাজ, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তাদের অভিযোগ, ময়নাতদন্তে বিলম্ব করে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এদিকে ঘটনার পরপরই পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনার কথা উল্লেখ করলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। ঘটনাস্থল থেকে ঘুমের ওষুধ ও পানির বোতল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম বলেন, পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ করা স্বাভাবিক। পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের অধীন এবং তদন্ত শেষ হওয়ার আগে এটি আত্মহত্যা নাকি হত্যা—সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ