সাতক্ষীরায় জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা তার প্রতীকী কুশপুতুল দাহ করে পদত্যাগের দাবি জানান।
বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর প্রেস ক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন সোলাইমান কবির, অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল রহমান, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকাত আলী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, অধ্যাপক আবু সাঈদ ও শফিকুল ইসলাম দুলু।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রথমে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে ভিডিওতে থাকা নারীকে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়। এ বিষয়ে দেওয়া বিভিন্ন বক্তব্য ও তথ্যের মধ্যে অসংগতি রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশ থেকে বক্তারা ঘটনাটির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তারা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি করে জাতীয় সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বিক্ষোভকারীদের ভাষ্য, বিতর্কিত ঘটনাটি নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। অন্যথায় এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তার অভিযোগ, ঘটনাটি একটি পরিকল্পিত ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অংশ। এ বিষয়ে তিনি লিখিত বক্তব্যও দিয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, ঘটনাটি নিয়ে কেন্দ্রীয়ভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা হবে।
মতামত দিন