Views Bangladesh Logo

রতন সেন হত্যা মামলার পুনঃতদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড রতন সেনের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে তার হত্যা মামলার পুনঃতদন্ত ও পুনর্বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে কমরেড রতন সেন ব্রিগেডের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ১৯৯২ সালের ৩১ জুলাই খুলনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রতন সেনকে নৃশংসভাবে হত্যা করা হলেও এখনো প্রকৃত বিচার নিশ্চিত হয়নি।

কার্তিক চক্রবর্তীর সভাপতিত্বে ও নাট্যজন সুমনা সোমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কীরিটী রঞ্জন বিশ্বাস, সৈয়দ লুৎফুল হক মিঠু, নিয়াজ ফাতেমা সিদ্দিকী শিল্পী, হাসান হাফিজুর রহমান সোহেল, জাহিদ হোসেন খান, বিকাশ সাহা, সেকেন্দার হায়াত, মুর্শিকুল ইসলাম শিমুল, হাসান তারেকসহ বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—রতন সেন হত্যা মামলার ফাইল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি, প্রয়োজনে পুনঃতদন্ত বা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মূল পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনা এবং রাষ্ট্রীয় উদ্যোগে খুলনায় রতন সেনের নামে স্মারক বা প্রতিষ্ঠান নির্মাণ ও তার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ