রাজধানীর যমুনা শপিংমলে বিক্ষোভ অব্যাহত, ক্ষতিপূরণ দাবি ব্যবসায়ীদের
শপিংমলে নিরাপত্তা জোরদার, মোবাইল ফোনের দোকানে চুরির ক্ষতিপূরণ এবং মার্কেটের জেনারেল ম্যানেজারের (জিএম) পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন রাজধানীর বাড্ডা থানার যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীরা।
শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে শপিংমলটির সামনের প্রগতি সরণি অবরোধ করেন ব্যবসায়ীরা। দুপুর দেড়টার দিকে সড়ক ছেড়ে মার্কেটের ভেতরে অবস্থান নিয়ে সামনে বিক্ষোভ করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলেও অভিযোগ জানাতে প্রগতি সরণি অবরুদ্ধ করেছিলেন দোকান মালিক ও কর্মচারীরা। আইন প্রয়োগকারী এবং সেনাসদস্যদের হস্তক্ষেপে সন্ধ্যায় সড়ক ছেড়ে দেন তারা।
বিক্ষোভকারীদের দাবি, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে বেশ কয়েকটি মোবাইল ফোনের দোকানে চুরিতে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় হতাশ হয়ে জবাবদিহিতা ও ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় নামেন দোকান মালিক ও শ্রমিকরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) এইচএম শফিকুর রহমান বলেন, ‘ব্যবসায়ীরা যেন রাস্তা অবরোধ বা জনসাধারণের অসুবিধা না করেন, তা নিশ্চিতে কাজ করছি’।
তিনি বলেন, দুপুরের দিকে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করলেও কিছুক্ষণ পরেই মার্কেটের ভেতরে চলে গেছেন দোকানিরা। এতে ঢাকার অন্যতম বড় শপিংমলটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এখনও চুরি বা ব্যবসায়ীদের দাবি পূরণের পদক্ষেপ সম্পর্কে কিছু জানাননি মার্কেট কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে