‘তৌহিদী জনতার’ বাধায় যশোরে ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল প্রদর্শনী বন্ধ
যশোরে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখানোর আয়োজন শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে স্থানীয় একদল মুসল্লির বাধার মুখে। রোববার (১৯ জুলাই) রাতে যশোর ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।
ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সেইলর চলতি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করেছিল যশোর টাউন হল মাঠে। তবে সেখানে বৃক্ষমেলা চলমান থাকায় ফাইনাল ম্যাচটি বিকল্প হিসেবে ঈদগাহ মাঠে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।
রোববার (২০ জুলাই) রাত ৯টার দিকে হঠাৎই ‘তৌহিদী জনতা’ নামে পরিচিত একদল মুসল্লি ঈদগাহ মাঠে জড়ো হয়ে মাঠের পবিত্রতা রক্ষার দাবিতে ফাইনাল ম্যাচ প্রদর্শনে বাধা দেয়। তারা প্রতিবাদে মানববন্ধনেরও প্রস্তুতি নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আয়োজক ও প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনা করে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, ঈদগাহ মাঠে খেলা প্রদর্শন করা হবে না—এরপর আয়োজকরা তাদের সরঞ্জাম সরিয়ে নেন।
প্রতিবাদে অংশ নেওয়া মুসল্লি ইয়াসিন আরাফাত বলেন, ঈদগাহ মাঠ একটি ধর্মীয় স্থান হওয়ায় সেখানে ফুটবল বিশ্বকাপের মতো আয়োজন যথাযথ নয় বলে তিনি মনে করেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদগাহ মাঠ মুসল্লিদের ধর্মীয় ইবাদতের জন্য নির্ধারিত পবিত্র স্থান, এবং সেখানে বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন এই স্থানের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই যুক্তিতে তারা আয়োজনের প্রতিবাদ ও নিন্দা জানান এবং ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক কমিটি, জেলা প্রশাসন ও প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ঈদগাহ মাঠে খেলা প্রদর্শনের আয়োজন স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, খেলাকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক নজর রাখছে এবং সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
মতামত দিন