রামিসা হত্যাকাণ্ড: দ্রুত বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
রাজধানীর পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দোষীর ফাঁসির দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২২ মে) বিকেল থেকে চলা এ কর্মসূচির কারণে মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, বেলা পৌনে তিনটার দিকে ‘এলাকাবাসীর ব্যানারে’ কয়েক শ মানুষ মিরপুর ১০ নম্বর গোলচত্বরে জড়ো হন। তারা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এবং দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
এর আগে দুপুর সোয়া দুইটার দিকে শিশুটির বাসার সামনে মানববন্ধনের আয়োজন করে বি-১১ সমাজকল্যাণ যুব সংগঠন এবং শিশুটি যে স্কুলে পড়ত, সেই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই দাবিতে জুমার নামাজের পর মিরপুর এলাকায় আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশুটির বাসার সামনে গিয়ে শেষ হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের আশ্বাস দেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত সোহেল রানা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন।
ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে