দাবি আদায়ে রেললাইনে অবস্থান, ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ ট্রেন চলাচল
ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইনে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১২ আগস্ট) সকালে মশাখালী রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করেন তারা। এর ফলে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে এবং ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল ৭টা ২০ মিনিটের দিকে মশাখালী এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এ সময় রেললাইনে লাল কাপড় টাঙিয়ে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা ধরে ট্রেনটি সেখানে আটকে ছিল। মশাখালী রেলওয়ে স্টেশনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মশাখালী স্টেশনে যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে প্রায় ১০ থেকে ১২ দিন ধরে তারা আন্দোলন করে আসছেন। এর আগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় বুধবার রেললাইনে অবস্থানের কর্মসূচি নেওয়া হয়।
আন্দোলনকারীরা বলছেন, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার বাসিন্দাদের যোগাযোগের ক্ষেত্রে মশাখালী রেলওয়ে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্টেশনে আন্তনগর ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি চালু হলে স্থানীয় মানুষ সহজে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতের সুযোগ পাবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে রেললাইনে অবস্থানের কারণে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। মশাখালী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে রেললাইন থেকে তাদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
মতামত দিন