এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে অবস্থান কর্মসূচি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সরকারি খাদ্যগুদামের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। কর্মসূচির সময় বিক্ষোভকারীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ফলে কিছু সময়ের জন্য শ্যামনগর–মুন্সিগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আবদুল মজিদ, ইদ্রিস হাজী, গাজী শাহ আলম, ছাবিনা খাতুন, মমতাজ বেগম ও এবাদুল ইসলাম।
বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত আচরণ ও নৈতিক অবস্থান জনগণের কাছে গুরুত্বপূর্ণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁদের দাবি, বিষয়টির নৈতিক দায় নিয়ে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানো উচিত।
তাঁরা আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি, এমনকি সাতক্ষীরা অচল করে দেওয়া এবং এমপির বাড়ি ঘেরাওয়ের মতো কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি তাঁকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলেও দাবি করেন বক্তারা।
গত ২০ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। পরদিন নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী।
তবে এ ব্যাখ্যার পরও তাঁর নির্বাচনী এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ ঘটনার জেরে জামায়াত তাকে দল থেকে বহিষ্কার করেছে। এরপর থেকে তিনি প্রকাশ্যে খুব একটা দেখা দেননি।
মতামত দিন