রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ শাস্তি দাবি, সন্তানদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে টানা তিন দিন ধরে বিক্ষোভ চলছে।
স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা রামিসার বাসার সামনে ও পল্লবী থানার আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা বলেন, এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং একটি জঘন্য হত্যাকাণ্ড। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে।
বিক্ষোভকারীরা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
একজন অভিভাবক বলেন, এখন ঘরে-বাইরে কোথাও সন্তানদের নিয়ে নিরাপদ বোধ করা যাচ্ছে না। অন্যরা অভিযোগ করেন, এলাকায় মাদক ও অপরাধপ্রবণতার বিস্তার এমন ঘটনার পেছনে দায়ী হতে পারে।
এদিকে নিহত শিশুর বাবা আবদুল হান্নান মোল্লা বিক্ষোভকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি কাউকে আন্দোলনে ডাকেননি; সাধারণ মানুষ নিজেরাই বিচার দাবিতে এগিয়ে এসেছেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে