হামে শিশুমৃত্যু: ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ
হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শ্রমিক অধিকার আন্দোলন ও নিপীড়নবিরোধী নারী মঞ্চ।
শনিবার (৬ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠন দুটির নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি পলাশ কান্তি নাগ।
বক্তারা অভিযোগ করেন, তৎকালীন সরকারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে সময়মতো হামের টিকা সরবরাহ ও প্রয়োগ নিশ্চিত করা হয়নি, যার ফলে শত শত শিশুর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশে আরও দাবি করা হয়, দেশে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে হামের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বিদেশ থেকে প্রয়োজনীয় টিকা আমদানি করে শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করার আহ্বান জানানো হয়। সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের চিকিৎসার জন্য বিশেষ ইউনিট চালুর দাবিও তোলা হয়।
বিক্ষোভকারীরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি নিয়েও সমালোচনা করেন এবং তা বাতিলের দাবি জানান। তাদের ভাষ্য, চুক্তিটি দেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের পরিপন্থী।
সমাবেশে আব্দুল জব্বার সরকার, আমিন মোস্তাজির, পারভীন আখতার, সুলতানা আখতার রিতা সিদ্দিকীসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।
তবে সমাবেশে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বা নুরজাহান বেগমের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলো মূলত বিক্ষোভকারীদের বক্তব্য ও দাবির ভিত্তিতে উত্থাপিত হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে