Views Bangladesh Logo

রাবিতে আম্মারসহ শিবির নেতাদের বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে তিন শিক্ষার্থীকে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতারা মারধর করেছিলেন। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—১০ দিনের মধ্যে হামলাকারীদের ছাত্রত্ব বাতিল ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, ঘটনায় জড়িত রাকসু প্রতিনিধিদের পদ থেকে অপসারণ ও বহিষ্কার, প্রক্টর অফিসে দেওয়া অভিযোগের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে ওঠা অভিযোগের গ্রহণযোগ্য তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও সহিংসতামুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া।

মানববন্ধনে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী শিবলী আহমেদ অভিযোগ করেন, কিছু ছাত্র প্রতিনিধি ও রাজনৈতিক সংগঠন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের পরিবর্তে নিজেদের রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, যা ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বলেন, সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত একজন রাকসু প্রতিনিধি গ্রন্থাগারের মতো স্থানে বেলচা হাতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ দাবি করেন, আম্মার ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ক্যাম্পাসে অস্থিরতা তৈরির চেষ্টা করেছেন।

একই সঙ্গে তিনি রাকসুর ভিপির বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগের নিন্দা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ