সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ ও সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব
আসন্ন ২০২৬-২৭ অর্থবছর থেকে প্রতি শলাকা সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ টাকা এবং সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো।
সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটি এ প্রস্তাব তুলে ধরে।
তারা জানায়, যুবসমাজকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা, অকালমৃত্যু কমানো এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই সিগারেটের মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রিমিয়াম স্তরের ১০ শলাকার প্যাকেটের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হলে প্রতি সিগারেটের দাম দাঁড়াবে প্রায় ৩৫ টাকা। উচ্চ স্তরের প্রতি শলাকার দাম হবে প্রায় ২৫ টাকা ৪৫ পয়সা। এছাড়া মধ্যম ও নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে প্রতি শলাকা প্রায় ১৭ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মূল্যবৃদ্ধি কার্যকর হলে প্রায় পাঁচ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহিত হবে এবং কয়েক লাখ তরুণ ধূমপান শুরু করা থেকে বিরত থাকবে। একই সঙ্গে তামাক কর থেকে সরকারের রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ধূমপানের কারণে ক্যান্সার ও শ্বাসকষ্টসহ নানা রোগ বাড়ছে। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অনেক পরিবার অর্থনৈতিক সংকটে পড়ছে। তাই জনস্বার্থে সিগারেটের দাম বাড়ানো প্রয়োজন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে