Views Bangladesh Logo

দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে বাস ও ট্রাকে ব্যবহৃত ডিজেলের দাম বাড়ায় ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা।

রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়।

সমিতির মহাসচিব মো. সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, সরকার তেলের দাম বাড়ালে একই সঙ্গে গেজেটে ভাড়া সমন্বয়ের বিষয়টিও উল্লেখ করা উচিত ছিল। কিন্তু তা হয়নি। ফলে মালিকরা এখন বেশি দামে তেল কিনলেও আগের ভাড়ায় যাত্রী পরিবহন করছেন, যা লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এভাবে মালিকরা দীর্ঘদিন বাস চালাতে পারবেন না। এ বিষয়ে সমিতি ইতোমধ্যে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং দ্রুত সমাধান আশা করছে।

সাইফুল আলম আরও বলেন, শুধু জ্বালানির দাম নয়, গাড়ির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালে একটি বাসের চেসিসের দাম ছিল প্রায় ২৪ লাখ টাকা, যা বর্তমানে বেড়ে ৩৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে বডি তৈরির খরচ ১১ লাখ টাকা থেকে বেড়ে প্রায় ২০ লাখ টাকা হয়েছে। ফলে এ দুই খাতেই অতিরিক্ত ব্যয় বেড়েছে প্রায় ২০ থেকে ২১ লাখ টাকা।

তিনি জানান, ব্যাংক ঋণের সুদের হারও ৯ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে, যার ফলে কিস্তির চাপও বেড়েছে।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০২২ সালে জ্বালানির দাম বাড়ার পর সরকার ভাড়া সমন্বয় করেছিল। তখন প্রথমে প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে ২ টাকা ১২ পয়সা করা হয়। যদিও মালিক সমিতি তখন ২ টাকা ৮০ পয়সা প্রস্তাব করেছিল।

তার দাবি, এরপর দীর্ঘ সময় ভাড়া সমন্বয় হয়নি, অথচ পরিচালন ব্যয় ধারাবাহিকভাবে বেড়েছে। তাই এবার অন্তত কিলোমিটারপ্রতি সাড়ে ৩ টাকা ভাড়া নির্ধারণ না হলে বাস চালানো কঠিন হয়ে পড়বে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ