Views Bangladesh Logo

বছরের শুরুতে এসএসসি, মাঝামাঝিতে এইচএসসি নেওয়ার প্রস্তাব

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার শিক্ষামন্ত্রীর প্রস্তাবের বিপরীতে ভিন্ন মত দিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ সংশ্লিষ্ট অংশীজনরা। তাদের প্রস্তাব, জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হোক। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় তারা এই মতামত তুলে ধরেন।

সভা শেষে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এটিকে প্রাথমিক সিদ্ধান্ত হিসেবেই ধরা যায় এবং অংশীজনদের এই মতামতকে সামনে রেখেই তারা এগোচ্ছেন। তিনি জানান, অনেক শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধান মনে করেন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং জুনের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নিলে কোনো সমস্যা থাকবে না।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান প্রধান ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়। ২০২৭ সালেই ডিসেম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা, নাকি ২০২৮ সালে গিয়ে পুরোপুরি সমন্বয় করা হবে — সেটি এখনো বিবেচনাধীন বলে জানান তিনি। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

উল্লেখ্য, বর্তমানে এপ্রিলে এসএসসি ও সমমান এবং জুলাইতে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজিত হয়ে থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ