বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়াতে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে বিজনেস টু বিজনেস বা বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ তৈরি এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ভারতের ডেপুটি হাইকমিশনার বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী পর্যায়ে একটি কার্যকর সমন্বয় কাঠামো প্রয়োজন। এ জন্য বিটুবি টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া যেতে পারে। টাস্কফোর্স গঠনের বিষয়ে ভারতীয় হাইকমিশন দুই দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
পাওয়ানকুমার তুলশিদাস বাধে এ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা কামনা করেন। বিশেষ করে এফবিসিসিআইয়ের নেতৃত্বে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য পরিচালনায় বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে বৈঠকে।
সাক্ষাতে বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণের ভিসা প্রক্রিয়া নিয়েও কথা বলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার। তাঁর দাবি, বিভিন্ন শ্রেণির ভিসা প্রক্রিয়া বর্তমানে আগের তুলনায় সহজ করা হয়েছে। ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করছে বলেও তিনি জানান।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যৌথ টাস্কফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের সম্ভাবনাময় খাতগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ আরও জোরদার করা, নতুন বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা এবং বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যবসায়ী পর্যায়ে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের কাঠামো তৈরি হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের নতুন ক্ষেত্র উন্মুক্ত হতে পারে।
মতামত দিন