Views Bangladesh Logo

মেট্রোরেল লাইন-৫-এর উড়াল অংশের কাজ চীনা প্রতিষ্ঠানকে দেওয়ার প্রস্তাব প্রত্যাহার

রাজধানীর মেট্রোরেল লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের উড়াল অংশের নির্মাণকাজ চীনা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগকে দেওয়ার প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রস্তাবে ত্রুটি থাকায় এটি আপাতত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়নি।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টি ওঠে। তবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানায়, প্রস্তাবে কিছু ত্রুটি থাকায় তা প্রত্যাহার করা হয়েছে। সংশোধনের পর পুনরায় কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের তৃতীয় নির্মাণ প্যাকেজের আওতায় হেমায়েতপুর থেকে আমিনবাজার এবং নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত মোট ৬ দশমিক ৫ কিলোমিটার উড়াল মেট্রোরেল লাইন ও পাঁচটি উড়াল স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

দরপত্র মূল্যায়নে চীনের রেলওয়ে গ্রুপ, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার এবং চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের যৌথ উদ্যোগ সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছিল। ভ্যাট ও আয়করসহ তাদের প্রস্তাবিত চুক্তিমূল্য ছিল প্রায় ২ হাজার ৬৭১ কোটি টাকা।

মেট্রোরেল লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পটি ২০১৯ সালে অনুমোদন পায়। প্রায় ৪১ হাজার ২৩৯ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে ২০ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করা হবে, যার মধ্যে ১৩ দশমিক ৫ কিলোমিটার পাতাল এবং ৬ দশমিক ৫ কিলোমিটার উড়ালপথ। প্রকল্পটি ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ