Views Bangladesh Logo

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজন: তথ্যমন্ত্রী

কে সাংবাদিক এবং কে সাংবাদিক নন, তা নির্ধারণের জন্য একটি যথাযথ ও গ্রহণযোগ্য কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম বৈঠকে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, প্রতিটি সিদ্ধান্তে দূরদর্শিতা, প্রজ্ঞা ও সর্বোচ্চ সংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার মানসিকতা থাকতে হবে। একই সঙ্গে সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।

গণমাধ্যমকে বহুমাত্রিক একটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থান নিশ্চিত করা জরুরি। তাই সংকীর্ণতা বা পক্ষপাতের পরিবর্তে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের অন্যতম কৌশলগত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক বিবেচনার পরিবর্তে দীর্ঘমেয়াদি প্রভাব মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তিনি বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও বিচক্ষণতার ওপরই এসব সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করবে। কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে পারাই রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত সক্ষমতার পরিচয়।

প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ