রাড্ডা ক্লিনিকে হামলায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত ও সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ অভিযান চালায়।
মন্ত্রী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় লুট হওয়া বিভিন্ন মালামাল ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে দল-মত বিবেচনা না করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না; অপরাধী হিসেবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বে অবহেলা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে শুধু বদলি করেই বিষয়টি শেষ করা হবে না। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা কিংবা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলাতেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় পুলিশ বাহিনীতে অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদাহরণ হিসেবে তিনি ক্যান্টনমেন্ট থানার সাবেক এক ওসির বিরুদ্ধে তদন্ত, ফরেনসিক পরীক্ষা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা ও গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে ধরেন।
রাড্ডা ক্লিনিকের ঘটনায় পুলিশের দায়িত্বে গাফিলতির প্রাথমিক প্রমাণ পাওয়ার বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে হামলা, লুটপাট ও ভাঙচুরে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
মতামত দিন