Views Bangladesh Logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক আজম খান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আজম খান। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন। অধ্যাপক আজম বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের সভাপতি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা এবং চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক আজম খানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার থেকে নতুন দায়িত্ব কার্যকর হবে। অফিস আদেশে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক আজম খান প্রক্টরের দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অধ্যাপক নাসির উদ্দিনকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর তাঁর অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন প্রক্টর নিয়োগের সিদ্ধান্ত নেয়।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ