দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস।
নিউইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে গিয়েছিলেন ড. ইউনূস। সেই সময় এনএইচকে ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারটি রবিবার ( ২৯ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে।
তিনি বলেন, ‘ব্যর্থতা এমন কিছু নয়, যা আমরা মেনে নিতে পারি।’
শেখ হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। তিনি এ ঘটনাকে ‘বিপ্লব’ নামে অভিহিত করেছেন।
তিনি নীতিনির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে।’
তিনি জোর দিয়ে বলেন, তার দেশের অর্থনীতি পুনর্গঠন এবং সেখানে গণতন্ত্রকে দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য।
উল্লেখ্য, টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ড. ড. মুহম্মদ ইউনূস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে