Views Bangladesh Logo

অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তিনি স্ট্রোক করেছিলেন। পরে কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে বাসায় নেওয়া হয়। তবে রোববার রাতে হঠাৎ আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই নাতি-নাতনি এবং অসংখ্য শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অধ্যাপক সাখাওয়াত আলী খান ১৯৪১ সালে নরসিংদীর শিবপুর উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার আগে প্রায় এক দশক দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন তিনি।

তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন এবং ২০০৮ সালে সেখান থেকে অবসরে যান। অবসরের পর একই বিভাগে আরও পাঁচ বছর সংখ্যাতিরিক্ত (সুপার নিউমারারি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিভাগটির অনারারি প্রফেসর হিসেবে যুক্ত ছিলেন।

এছাড়া তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক সাখাওয়াত আলী খান কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। সাংবাদিকতা ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক ছিল তার গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র।

তার ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য,   ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে তার সর্বশেষ সাক্ষাৎকার গত  শনিবার অনলাইন সংবাদমাধ্যম ভিউজ বাংলাদেশে প্রকাশিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ