Views Bangladesh Logo

ঢাবির প্রো-ভিসি হলেন অধ্যাপক আলফেছানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে চারটি শর্তে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশাকে সরিয়ে অধ্যাপক আলফেছানীকে এ পদে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী তাকে চার বছরের জন্য প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার মেয়াদ হবে চার বছর। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী এবং উপাচার্যের নির্দেশিত ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক আলফেছানী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সম্পাদক এবং বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দলের জীববিজ্ঞান অনুষদের আহ্বায়ক ছিলেন।

তিনি ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) বর্তমান যুগ্ম মহাসচিব। বর্তমানে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টাও রয়েছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতায় যোগ দেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ