Views Bangladesh Logo

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আবুল কাসেম ফজলুল হক

বিশিষ্ট চিন্তাবিদ, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে আজ (৬ জুলাই) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। রাজধানীতে রাষ্ট্রীয় ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর সেখানে তাকে সমাহিত করা হবে।

রোববার তার মৃত্যুর পর সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। সকাল ১১টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে শিক্ষক, শিক্ষার্থী, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নেওয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজা শেষে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে সকালে তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমিতে মরদেহ নেওয়া হলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা শেষ শ্রদ্ধা জানান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন।

রোববার আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৮৬ বছর বয়সে মারা যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। দেশের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সর্বস্তরের মানুষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ