অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. আখতার হোসেন খান
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর বিধান অনুযায়ী তাকে চার বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকারের স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক ড. আখতার হোসেন খান আইন অনুযায়ী নির্ধারিত পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে প্রয়োজনবোধে সরকার যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে বলেও উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. আখতার হোসেন খান দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবার বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মাননিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সংস্থা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।
মতামত দিন