Views Bangladesh Logo

শ্রমিক অসন্তোষে গাজীপুর-সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে প্রায় ১৭০টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গত ২৫ দিন ধরে চলা আন্দোলন ও বিক্ষোভে এ দুই শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গাজীপুর ও সাভার এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে রপ্তানিমুখী কারখানার সংখ্যা প্রায় ২ হাজার ৫০০। মজুরি বোর্ডের ঘোষণার পর প্রায় ৯০ শতাংশ কারখানার শ্রমিকদের সঙ্গে সমঝোতা হলেও বাকি ১০ শতাংশ কারখানায় এখনো আন্দোলন ও বিক্ষোভ চলছে।

গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ, সদর উপজেলার সালনা এবং মহানগরের টঙ্গী, বাংলাবাজার, কোনাবাড়ী, কাশিমপুর ও ভোগড়াসহ বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার ৭০০ শিল্পকারখানা রয়েছে। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে এসব এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ চলছে। আন্দোলনের পাশাপাশি ভাঙচুরের ঘটনাও ঘটেছে, যার প্রভাব পড়েছে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতিতে।

কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও মৌচাক এলাকার ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া প্রতিদিন কর্মদিবসের শুরুতে শ্রমিকদের অসন্তোষের কারণে গড়ে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলতি মাসের ১০ তারিখ থেকে জেলায় পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।

নতুন মজুরি ঘোষণার পরও গত বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীপুর উপজেলার অধিকাংশ পোশাক কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। এদিন কালিয়াকৈরে বন্ধ থাকা চারটি কারখানা আবার চালু করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কোথাও কোথাও সামান্য অসন্তোষ দেখা দিলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হচ্ছে। বন্ধ কারখানাগুলো দ্রুত উৎপাদনে ফেরাতে পুলিশ সহায়তা করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ