Views Bangladesh Logo

মেডিকেল কলেজের মানোন্নয়ন না হলে ভালো চিকিৎসক তৈরি সম্ভব নয়: স্বাস্থ্য উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের মেডিকেল কলেজগুলোর মানোন্নয়ন না হলে ভালো চিকিৎসক তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, এজন্য সরকার মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা না বাড়িয়ে মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, ‘আসন বৃদ্ধির কী দরকার আছে? যদি মান ঠিক রাখতে না পারি, প্রফেসর দিতে না পারি, ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কীভাবে তৈরি হবে? কাজেই আমাদের এগুলো ভাবতে হচ্ছে, ভাবার চেষ্টা করছি।’

সরকার সরকারি হাসপাতালগুলোকে সরকারি মেডিকেল কলেজে উন্নীত করার কথা ভাবছে বলেও জানান তিনি।

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশের সরকারি ৩৮টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৫,৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজে এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬,২৯৩টি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ