কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা
কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ২১ মার্চ ঈদুল ফিতরের ভোরে চলন্ত ট্রেনের সঙ্গে একটি বাসের সংঘর্ষে ১২ যাত্রী নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের নিকট প্রতিবেদন দাখিল করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের ৪ জন গেইটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের ২ জন গেইটম্যান, লালমাই রেলস্টেশনের মাস্টার ও লোকোমাস্টারসহ আরও দুই জন, সড়ক বিভাগের নির্মাণ কাজের তদারকি এবং বাস চালকের দায়িত্বে অবহেলার বিষয়গুলো সংঘর্ষের মূল কারণ হিসেবে প্রতীয়মান হয়েছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, কমিটির তদন্তে অন্তত ছয়টি ক্ষেত্রে ব্যত্যয় দেখা গেছে এবং সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও বিভাগের অবহেলা প্রতীয়মান হয়েছে। কমিটি মোট ৮টি সুপারিশ প্রদান করেছে।
দুর্ঘটনার পর জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটির প্রধান ছিলেন মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। সদস্যদের মধ্যে ছিলেন বিআরটিএ-এর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন এবং রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী।
সংঘর্ষে অন্তত ২৪ জন যাত্রী আহত হন। ঘটনার পর একটি বাস যাত্রীর করা মামলার ভিত্তিতে র্যাব ও পুলিশ তিনজন গেইটম্যানকে গ্রেফতার করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে