আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন ৩ দিনের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত।
সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি জানান, ঘটনার পর তিনি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও পৃথকভাবে তদন্ত করবে। এ ক্ষেত্রে শিশুদের মায়েদের বক্তব্যসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও আরও বাস্তবভিত্তিক ও কার্যকর প্রতিবেদন তৈরির জন্য অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামী ৩ তারিখের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে। এরপর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, ঘটনার আইনি বিষয় নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিশুদের মৃত্যুর কারণ নির্ধারণে পোস্টমর্টেম না হওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পোস্টমর্টেমের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোনো অভিভাবক এতে সম্মতি দেননি।
তিনি বলেন, অভিভাবকদের রাজি করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা কেউ সম্মত না হওয়ায় বিষয়টি আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
এদিকে ঘটনায় একটি মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে