Views Bangladesh Logo

সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৮ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় অসুস্থ শ্রমিকদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের পাশে সরকার থাকবে। তদন্তে ইয়ার্ড মালিকপক্ষের কোনো ধরনের অবহেলা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনীও কাজ করছে।

এর আগে শুক্রবার সকালে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে একে একে অন্তত আট শ্রমিকের মৃত্যু হয়। পরে নিহতের সংখ্যা আরও বাড়ার খবর পাওয়া যায়। আহত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়ার্ড মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকারস অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ