Views Bangladesh Logo

সদরঘাটে লঞ্চ সংঘর্ষের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

নৌপরিবহন মন্ত্রণালয় রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় কারণ অনুসন্ধান ও দায়ীদের শনাক্ত করতে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মার্চ সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা–ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া–৫’ এবং ঢাকা–দৌলতদিয়া–যশোরহাট রুটের ‘এমভি জাকির স্মার্ট–৩’ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনাও ঘটে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) এস এম শাহেদ রেজা, নৌপরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার (সদরঘাট) মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মেহেদী হাসান।

তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ, দায়ীদের পরিচয় এবং প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ