মো. ফাহাদের পরিচালনায় নেপালে চিত্রায়িত হলো ‘প্রবাসীর ক্রেডিট কার্ড’
জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বর্তমানে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তবে সচেতনতার অভাবে এই সুবিধাই অনেক সময় হয়ে উঠতে পারে বড় বিপদের কারণ। এমন বাস্তবধর্মী একটি গল্প নিয়ে নেপালের মনোরম বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে নাটক ‘প্রবাসীর ক্রেডিট কার্ড’। নাটকটি রচনা করেছেন রাজীব মণি দাস এবং পরিচালনা করেছেন মো. ফাহাদ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ.খ.ম হাসান, শিবলী নোমান, সুমাইয়া অর্পা, প্রিসিলা ডি কস্টা এবং ফরিদ হোসেন প্রমুখ।
পরিচালক মো. ফাহাদ বলেন, ক্রেডিট কার্ড না বুঝে ব্যবহার করলে মানুষের কী ভয়াবহ ক্ষতি হতে পারে, অনেকেই তা উপলব্ধি করেন না। তাই ব্যবহারের ক্ষেত্রে সবারই যথেষ্ট সতর্ক থাকা উচিত। এই গল্পে ক্রেডিট কার্ডের সুফল ও কুফল—দুই দিকই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
রচয়িতা রাজীব মণি দাস বলেন, অনেক ব্যবহারকারী বুঝতেই পারেন না কখন তারা ঋণের ফাঁদে জড়িয়ে পড়ছেন। ক্রেডিট কার্ড আসলে নিজের টাকা নয়, ব্যাংকের দেওয়া ঋণ। কিন্তু অনেকে এটিকে নিজের অর্থ ভেবে শর্ত অমান্য করে ব্যবহার করেন। ফলে সুদ বাড়তে থাকে, যা একসময় বড় সংকটে রূপ নেয়।
গল্পে দেখানো হয়েছে, কীভাবে অসচেতন ব্যবহার, শর্ত না জানা এবং অতিরিক্ত খরচ একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বিষাদের ছায়া নামিয়ে আনতে পারে। একই সঙ্গে সচেতন ও সঠিক ব্যবহারে ক্রেডিট কার্ড কীভাবে উপকারী হতে পারে, তাও নাটকে তুলে ধরা হয়েছে।
‘প্রবাসীর ক্রেডিট কার্ড’ মূলত একটি সচেতনতামূলক সামাজিক নাটক, যা প্রবাসজীবন, আর্থিক ব্যবস্থাপনা এবং দায়িত্বশীলতার বার্তা বহন করে। নির্মাতাদের প্রত্যাশা, দর্শকরা নাটকটি দেখে বিনোদনের পাশাপাশি গুরুত্বপূর্ণ আর্থিক শিক্ষা লাভ করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে