আগস্টের শেষেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
প্রবাসীদের জন্য চলতি আগস্ট মাসের শেষ দিকে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য এ কার্ডের মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে বিভিন্ন সরকারি সেবা গ্রহণে সুবিধা পাবেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, প্রবাসী কার্ড দিয়ে এটিএম কার্ডের মতো ব্যাংকিং লেনদেন করা যাবে। একই সঙ্গে দেশে ফেরার পর বিভিন্ন সমস্যার সমাধান ও সরকারি সেবা গ্রহণেও এটি কাজে লাগবে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কার্ডধারী প্রবাসীরা অগ্রাধিকার সুবিধাও পাবেন।
তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। প্রবাসী কার্ড চালু হলে দেশে ও বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য বিভিন্ন সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে।
আলোচনা সভায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন উদ্বোধক এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানুসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মতামত দিন