Views Bangladesh Logo

মনোনয়ন সংগ্রহে বাধার মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মনোনয়নপত্র উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপিপন্থী ও আওয়ামীপন্থী আইনজীবীরা পাল্টাপাল্টি স্লোগান দেন।

সোমবার (৪ মে) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী আবদুর রশিদ বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে আমাদের বার লাইব্রেরিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে মনোনয়নপত্র নেওয়া সম্ভব হয়নি। সাধারণ আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে চাইলেও তাদের তা করতে দেওয়া হচ্ছে না।

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অভিযোগ, বিএনপি সমর্থিত আইনজীবীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দিচ্ছেন। ঘটনার পর থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী আজ সোমবার বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় (বার লাইব্রেরি) থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তফসিল অনুযায়ী, ৫ মে মনোনয়নপত্র বাছাই, ৬ মে আপত্তি শুনানি, ৮ মে মনোনয়ন প্রত্যাহার এবং ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ